যুক্তরাষ্ট্রে হস্তান্তর আদেশের বিরুদ্ধে আপিল করেছেন অ্যাসাঞ্জ

433

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে হস্তান্তর ঠেকাতে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গত বৃহস্পতিবার এ আবেদন করে তার আইনজীবীদের দল। গুপ্তচরবৃত্তির অভিযোগে এই মাসের শুরুতে যুক্তরাজ্যের একটি আদালত অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা যেতে পারে বলে রায় দেয়।

ইরাক-আফগানিস্তান যুদ্ধের মার্কিন সামরিক নথি ফাঁস করে দেন অ্যাসাঞ্জ। ২০১০ সালে এসব নথি প্রকাশের কারণে তাঁর বিরুদ্ধে ১৮টি গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। এসব অভিযোগে তাকে বিচারের মুখোমুখি নিজেদের হেফাজতে পেতে চায় যুক্তরাষ্ট্র।

গত ১০ ডিসেম্বর লন্ডনের হাইকোর্টে একটি আবেদনে জিতে যায় যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে মার্কিন কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তরের সম্ভাবনা প্রবল হয়। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অ্যাসাঞ্জ। সর্বোচ্চ আদালতে এ আপিল না টিকলে এবং হাইকোর্টের রায় কার্যকর হলে শিগগিরই অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে।

অ্যাসাঞ্জের আইনজীবী হাইকোর্টের রুলিংয়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছেন। আইনজীবীদের যুক্তি হলো যেসব শর্তে অ্যাসাঞ্জকে হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে সেগুলো মার্কিন কর্তৃপক্ষের নির্দেশনায় বদলে যেতে পারে।

অ্যাসাঞ্জের দুই সন্তানের মা ও আইনজীবী স্টেলা মরিস এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহের আগে এই আবেদনের বিষয়ে কোনও সিদ্ধান্ত হবে বলে আশা করছেন না তিনি। তিনি বলেন, উচ্চ আদালতের আদেশে জনহিতকর আইনের তিনটি বিষয় তুলে ধরা হয়েছে। মানবাধিকার ইস্যু ও বিচারব্যবস্থায় এ আইনের প্রভাব রয়েছে। ব্রিটিশ আইন অনুসারে সুপ্রিম কোর্টের এ বিষয় বিবেচনায় নেওয়ার সুযোগ রয়েছে। ওই আইন অনুসারে, হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তার স্বীকৃতি সুপ্রিম কোর্ট থেকে আসতে হবে।

অ্যাসাঞ্জ বর্তমানে যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে রয়েছেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থা বেশ খারাপ হয়েছে। চলিত মাসে অ্যাসাঞ্জের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এতে তাঁর ডান চোখের পাতায় সমস্যার পাশাপাশি স্মৃতিশক্তির সমস্যা এবং স্নায়বিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্টেলা।