ওয়ানবাংলানিউজ: সরকারের পক্ষ থেকে লকডাউনের ঘোষণা না এলেও কোভিড স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানাচ্ছে সরকার। আর বিদ্যুৎ গতির ওমিক্রন সংক্রমনের মধ্যেও সরকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বলছেনা। কিন্তু স্বাস্থ্যবিধি পালন এবং সতর্ক থাকতে গিয়ে রেস্টুরেন্ট, পাব, থিয়েটার, হেয়ার ড্রেসার সহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে গ্রাহক ও ক্রেতার পদচারনা কমে গেছে।
ক্রিসমাস উৎসবের মৌসুম চললেও স্টকপোর্টের এই হোটেলে উৎসবের কোন আমেজই নেই। অথচ এই মৌসুমে সাধারণত ক্রিসমাসের খাবার এবং বিভিন্ন অফিসের পার্টির আয়োজন হয়ে থাকে। ব্যবসা একেবারে পড়ে গেছে। এখানকার কর্মীদের গ্রাহক সেবা করতে হচ্ছেনা। তাই তাঁরা পরিচ্ছন্নতার কাজ করছেন। হোটেলের ম্যানেজারকেও নিতে হচ্ছে কঠিন সিদ্ধান্ত। কর্মীদের কর্মঘণ্টা কমিয়ে কিংবা হলিডেতে পাঠিয়ে খরচ বাঁচানোর চেষ্টা করছেন তিনি।
স্টকপোর্টের এই হোটেলের কাছেই একটি চেইন ইতালিয়ান রেস্টুরেন্ট। সোমবার তাঁরা তিনটি লাঞ্চ ক্যান্সেলেশনের অনুরোধ পেয়েছেন। স্টাফদের বেতন দিতে হবে, কিন্তু যথেষ্ট কাস্টমার নেই। ইতালিয়ান চেইনের চিফ এক্সিকিউটিভ বললেন, একদিকে জনগণকে ভয় দেখিয়ে ঘরে আটকে রাখবেন, আবার অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠানকেও সহায়তা দেবেন না- এমনভাবে চলতে পারেনা।
সরকারের প্ল্যান-বি এবং সর্বশেষ সিদ্ধান্তহীনতার নেতিবাচক প্রভাব লন্ডনের ক্রয়ডনে অবস্থিত এই বোর্ডগেইম ক্যাফেতেও পড়েছে।
এমতাবস্থায় রিটেইল, হসপিটালিটি এবং লেইজার ইন্ডাস্ট্রির এক লাখের বেশী ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে প্রধানমন্ত্রী এবং চ্যান্সেলরের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে বিজনেস বুস্টার হিসেবে আগামী এপ্রিল মাস পর্যন্ত বিজনেস রেইট শতভাগ মওকুফ এবং এর পর সামার পর্যন্ত পঞ্চাশ ভাগ মওকুফের আহবান জানানো হয়েছে। এই মুহূর্তে ২৫শতাংশ মওকুফ করা হচ্ছে। আর ভিএটি এর হার সাড়ে বারো শতাংশ ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত চলমান রাখা উচিত বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। প্রতিটি ব্যবসার জন্য ১৫ হাজার পাউন্ড রেইটেবল গ্রান্ট দেয়ারও আহবান জানানো হয়েছে।
আগামী কয়েকদিনে কোভিড পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার ওপর অনেক কিছুই নির্ভর করবে। তবে রিটেইল, হসপিটালিটি এবং লেইজার ইন্ডাস্ট্রির ওপর নেতিবাচক প্রভাব ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। তাদেরকে কীভাবে সহায়তা দেয়া যায়, সে সম্পর্কে সরকার এখন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে। তার আগ পর্যন্ত একটা দোদুল্যমান পরিস্থিতিতে থাকবেন ব্যবসায়ীরা।












