ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ভয়াবহ হামলায় বহুসংখ্যক নিরীহ লোক হতাহত হওয়ায় ঘটনায় নিন্দা জানিয়েছে রাজনৈতিক ও সংগীত অঙ্গনের ব্যক্তিত্বরা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ভয়াবহ হামলায় অত্যন্ত দুঃখ প্রকাশ ও নিন্দা জানিয়ে টুইটারে বলেন, ‘আমরা এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।’
তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং আহতদের জন্য প্রার্থনা করেন।
কঠোর ভাষায় এ ঘটনার নিন্দা জানিয়ে মঙ্গলবার সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুর এ হামলায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে।
মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরো বলা হয়, এই হামলায় এখন পর্যন্ত সিঙ্গাপুরের নাগরিক হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ব্রিটেনের ম্যানচেস্টারে ভয়াবহ হামলায় কঠোর নিন্দা জানিয়েছে শ্রীলংকা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মহিশিনি কোলোন জানান, ম্যানচেস্টারে এ হামলার ঘটনায় শ্রীলংকা মর্মাহত। শ্রীলংকা কঠোর ভাষায় এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে।
এ ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশও। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে নিজের টুইটার অ্যাকাউন্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ ঘটনার নিন্দা জানান।
টুইটা বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, ‘আমরা এই কাপুরুষোচিত ঘটনার নিন্দা জানাই। ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য আমাদের প্রার্থনা। ’
যুক্তরাজ্যের বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন তার টুইটার প্রতিক্রিয়ায় জানান, ‘ম্যানচেস্টারের ভয়ংকর ঘটনা ঘটেছে, আমার সমবেদনা, যারা এই দুর্ঘটনার শিকার হয়েছে তাদের জন্য। অসাধারণ ভূমিকা রেখেছে আমাদের জরুরি সেবা।’
যুক্তরাজ্যের জরুরি সেবার সাহসী ভূমিকার প্রশংসা করে টুইট করেছেন ম্যানচেস্টার ও লন্ডনের মেয়র। ম্যানচেস্টারের নবনির্বাচিত মেয়র অ্যান্ডি বার্নহাম টুইটার বার্তায় বলেন, ‘আমার হৃদয় ভেঙে যাচ্ছে—যারা স্বজন হারিয়েছেন, তাদের জন্য। প্রশংসা করছি আমাদের সাহসী জরুরি সেবাকর্মীদের। আমাদের এই অসাধারণ শহরের জন্য এটি একটি ভয়ংকর রাত।’
লন্ডনের মেয়র সাদিক খান টুইট করেন, ‘লন্ডন ম্যানচেস্টারের পাশে রয়েছে। যারা নিহত হয়েছে ও আহত হয়েছে, তাদের জন্য আমরা শোকাহত।’
টুইটারে বন্ধু অ্যারিয়ানা গ্র্যান্ডের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংগীতশিল্পীরা। অ্যারিয়ানা গ্র্যান্ডের সহশিল্পী নিকি মিনাজ টুইটার বার্তায় বলেন, ‘ঘটনাটি আমাকে অসম্ভব আঘাত করেছে। আমার বোন অ্যারিয়ানার জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে। কষ্ট হচ্ছে নিরপরাধ মানুষগুলোর জন্য। তাদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা।’
বন্ধু ‘অ্যারি’র জন্য সমবেদনা ফুটে উঠেছে টেইলর সুইফট ও কেটি পেরির টুইটার বার্তায়। টেইলর সুইফটের বার্তাটি ছিল, ‘আমি হতাহত ব্যক্তিদের জন্য প্রার্থনা ও কান্না করছি। সমবেদনা তাদের পরিবারের প্রতি। সবার প্রতি আমার গভীর ভালোবাসা।’ কেটি পেরি বলেন, ‘হৃদয় ভেঙে যাচ্ছে পরিবারগুলোর জন্য, হৃদয় ভেঙে যাচ্ছে অ্যারির জন্য।’
গতকাল সোমবার রাতে ম্যানচেস্টারে মার্কিন সংগীতশিল্পী অ্যারিয়ানা গ্র্যান্ডের কনসার্ট শেষ হওয়ার পরপর ভয়াবহ ওই বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫০ জন।
সূত্র: আরটিএনএন















