ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা প্রথম বৃটিশ-দ. এশীয় ফুটবলার জিদান ইকবাল

778

খেলাধুলা ডেস্ক: দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম বৃটিশ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেললেন জিদান ইকবাল। ইয়ং বয়েজের বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের মধ্য দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম ম্যাচ খেলেন তিনি। ১৮ বছর বয়স্ক জিদান গত মঙ্গলবার প্রধান দলের সঙ্গে প্রশিক্ষণে যোগ দেন। বুধবার ইয়ং বয়েজের বিরুদ্ধে ম্যাচে বেশীরভাগ সময় বেঞ্চেই ছিলেন তিনি। এ ম্যাচ ড্র হলেও এফ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে পৌঁছে গেছে ইউনাইটেড। ম্যাচের শেষ সময়ে ইংল্যান্ড জাতীয় দলের খেলোয়াড় জেসি লিংগার্ডের বদলি হিসেবে মাঠে নামানো হয় জিদান ইকবালকে।
বাবা পাকিস্তানি এবং মা ইরাকি হলেও জিদানের জন্ম ইংল্যান্ডের ম্যানচেস্টারেই। খেলা শেষে তার সাক্ষাৎকার নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড টেলিভিশন।

এতে তিনি বলেন, ইউনাইটেডের হয়ে খেলার অনুভূতি অসাধারণ। আমি আমার সারা জীবন এই সুযোগের জন্য কাজ করেছি। আমার স্বপ্ন সত্যি হয়েছে। তবে এটি শুধুমাত্র শুরু। আমি আশা করছি সামনের দিনগুলোতে আরও এগিয়ে যেতে পারবো।
বুধবারের ম্যাচে তরুণ ও নতুন খেলোয়াড়দের নামিয়েছেন ইউনাইটেডের নতুন কোচ রালফ রাংনিক। তবে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, যদিও আমরা নতুন খেলোয়াড় দিয়ে ম্যাচটি খেলছি, তারপরেও এই ম্যাচে জয় গুরুত্বপূর্ণ। স্কাই নিউজ জানিয়েছে, ইকবাল ইউনাইটেডের সঙ্গে আছেন এক দশকেরও বেশি সময় ধরে। কোচেরা প্রায়ই এই এটাকিং মিডফিল্ডারের প্রশংসা করেন। ক্লাবের আন্ডার২৩ দলেও নিয়মিত জায়গা করে নিয়েছিলেন তিনি। এছাড়া ইরাকের আন্ডার২৩ দলেও খেলছেন তিনি। গত মাসের ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপে তিনি ইরাককে সেমি ফাইনালে তোলেন। লেবাননের বিরুদ্ধে ম্যাচে গোলের পাশাপাশি ক্যাপ্টেনের আর্মব্যান্ডও পরেন ইকবাল। তিনি ইরাক, ইংল্যান্ড ও পাকিস্তান তিন দেশের হয়েই আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন। তবে ইংল্যান্ডে কখনো ডাক পাননি তিনি।