ঢাকায় এসেছেন শাবানা

1292

বিনোদন ডেস্ক: শোনা যাচ্ছে ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী শাবানা নাকি ঢাকায় অবস্থান করছেন, দেশে তিনি এসেছেন দুদিন আগে। কিন্তু এখনো চলচ্চিত্রের কারো সঙ্গে দেখা বা যোগাযোগ করেননি। কিন্তু আগামী ২৫ মে ‘ওরা ১১জন’ ছবির শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

গুলজার বলেন, ‘আমি শুনেছি দুদিন ধরেই শাবানা ম্যাডাম ঢাকায় অবস্থান করছেন। কিন্তু তিনি চলচ্চিত্রের কারো সঙ্গে কোনো যোগাযোগ করেননি। আমরা পরিচালক সমিতি থেকে উনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। উনি কোথায় আছেন তার খবর নেব। উনার আত্মীয়দের সঙ্গে আমরা যোগাযোগ করছি। আশা করি, আগামী ২৫ তারিখের অনুষ্ঠানে উনি উপস্থিত থাকবেন।’

এর আগে গত বছর ১৬ সেপ্টেম্বর রাজধানীর বারিধারায় একটি কমিউনিটি সেন্টারে বোনের ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবানা। সেখানে পরিবারের সদস্য, আত্মীস্বজন ও অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

শাবানা অভিনয় ছেড়েছেন ১৯৯৭ সালে। এরপর থেকে তাঁকে আর নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। শুধু চলচ্চিত্রই নয়, কিছুদিন পর দেশও ছাড়েন এই অভিনেত্রী। যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ২০০০ সালে। ১৯৬৭ সালে প্রখ্যাত পরিচালক এহতেশামের পরিচালনায় ‘চকোরী’ চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে আবির্ভাব ঘটে শাবানার। ছবিতে অভিনয়ের আগে তিনি পরিচিত ছিলেন আফরোজা সুলতানা নামে।