ওয়ানবাংলানিউজ: শুক্রবার লন্ডন আন্ডারগ্রাউনডের পাঁচটি লাইনে ধর্মঘট পালিত হয়। লাইনগুলো হলো সেন্ট্রাল লাইন, জুবিলি লাইন, নর্দার্ন লাইন, পিকাদিলি লাইন এবং ভিক্টোরিয়া লাইন। ২৪ ঘণ্টার এই ধর্মঘট শুরু হয় শুক্রবার ভোর সাড়ে চার টায়। শনিবার দিনের বেলা কোন ধর্মঘট না থাকলেও রাত সাড়ে ৮টা থেকে ধর্মঘট পালিত হবে সেন্ট্রাল লাইন এবং ভিক্টোরিয়া লাইনে। মহামারিতে বন্ধ থাকার পর শনিবার থেকেই নাইট টিউব চালু হবার কথা রয়েছে। এবং দাবি আদায়ে এই নাইট টিউব চলাচলকে বাধাগ্রস্ত করতে ধর্মঘট পালন করছে Rail, Maritime and Transport Workers ইউনিয়ন, সংক্ষেপে আরএমটি ইউনিয়ন।
২০১৬ সালে লন্ডন আন্দারগ্রাউনড এবং ট্রেড ইউনিয়নগুলোর মধ্যে লিখিত সমঝোতা হয়, কেবলমাত্র যেসকল ড্রাইভার রাজি হবেন, তারাই নাইট টিউব চালাবেন। কিন্তু লন্ডন আন্ডারগ্রাউনড কর্তৃপক্ষ সেই লিখিত সমঝোতা বাতিল করে দিয়ে নতুন নিয়মে বলে দিয়েছে, সকল ড্রাইভারকেই বছরে চারটি উইকেনডে নাইট টিউব চালাতে হবে।















