ঢাকা সংবাদদাতা :: অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিনের স্ত্রী এলিনা আক্তার পলি। বৃহস্পতিবার রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে।
এলিনা আক্তার পলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক। পরিবারের সঙ্গে নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন তিনি।
রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্র জানিয়েছে, রাত ১২টা ৫ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়। অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে তিনি অসুস্থ হন। প্রথমে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৩৮ নম্বর ওয়ার্ডে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে আইসিইউতে নেয়া হয়েছে। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন।
রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল জানিয়েছেন, বর্তমানে এলিনা আক্তার পলির অবস্থা স্থিতিশীল।
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন জানিয়েছেন, তাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই।
ওয়ানবাংলানিউজ / ১৯ নভেম্বর ২০২১ / আল-আমিন















