গত ৫ বছরে আরব আমিরাতে কোনো ম্যাচ হারেনি পাকিস্তান

75
গত ৫ বছরে আরব আমিরাতে কোনো ম্যাচ হারেনি পাকিস্তান

খেলাধুলা ডেস্ক :: করোনা ভাইরাসের কারণে ভারতের বদলে সংযুক্ত আরব আমিরাতে বসেছে টি-২০ বিশ্বকাপের এবারের আসর। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ের মাধ্যমে চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের লাইন আপ। দেশটিতে নিজেদের অতীত রেকর্ডের দিকে তাকিয়ে স্বস্তি অনুভব করতে পারে বাবর আজমের দল।

রোববার স্কটল্যান্ডকে ৭২ রানে হারানোর মধ্য দিয়ে আরব আমিরাতের মাঠে টানা ১৬টি টি-২০ ম্যাচে জয়ের রেকর্ড গড়ল পাকিস্তান। অবাক হলেও সত্য, গত পাঁচ বছরে আরব আমিরাতে বাবর,মালিক,হাফিজরা কোন ম্যাচেই হারেনি!

সুপার টুয়েলভে গ্রুপ-১ থেকে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড, দ্বিতীয় হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে আসরে এখন পর্যন্ত অপরাজিত দল পাকিস্তান হয়েছে গ্রুপ-২’র চ্যাম্পিয়ন। এই গ্রুপের রানারআপ দল নিউজিল্যান্ড।

আগামী বুধবার (১০ নভেম্বর) প্রথম সেমিফাইনালে লড়বে গ্রুপ-১’র চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও গ্রুপ-২’র রানারআপ নিউজিল্যান্ড। আর পরদিন (১১ নভেম্বর) বৃহস্পতিবার ফাইনালে ওঠার মিশনে নামবে গ্রুপ-২’র চ্যাম্পিয়ন পাকিস্তান ও গ্রুপ-১’র রানারআপ দল অস্ট্রেলিয়া। দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

ওয়ান বাংলা নিউজ / ৮ নভেম্বর ২০২১ / সুমন আহমদ