মেসি ও এমবাপ্পের দাপটে পিএসজির জয়

129
মেসি ও এমবাপ্পের দাপটে পিএসজির জয়

খেলাধুলা ডেস্ক :: এমবাপ্পের দারুণ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াল লাইপজিগ। আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে এগিয়েও গেল তারা। তবে রুখতে পারলো না তারকাসমৃদ্ধ পিএসজিকে। সাত মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে অসাধারণ এক জয় এনে দিলেন লিওনেল মেসি। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে পিএসজি।

দলের আরেক বড় তারকা নেইমারকে ছাড়া ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে জার্মান ক্লাবটির মুখোমুখি হয় ফরাসি জায়ান্টরা। ছিলেন না আনহেল ডি মারিয়াও। তবে দুই বড় তারকাকে ছাড়াই শুরুতেই এগিয়ে যায় পিএসজি। ম্যাচের ৯ম মিনিটে দারুণ এক শটে লাইপজিগের জাল খুঁজে নেন কিলিয়ান এমবাপ্পে। তবে এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিএসজি। ২৮তম মিনিটে লাইপজিগকে সমতায় ফেরান আন্দ্রে সিলভা।

দ্বিতীয়ার্ধের শুরুতে লাইপজিগকে এগিয়ে দেন নর্ডি মুকিয়েলে। এরপর সমতায় ফিরতে জোর প্রচেষ্টা চালায় পচেত্তিনোর দল। ৬৭তম মিনিটে এমবাপ্পের পাসে ডি-বক্সের ভেতর থেকে শট নেন মেসি। তবে সেই বল গোলরক্ষকের হাতে লেগে ফিরে আসে, এরপর খালি জালে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন তারকাই।

৭৪ মিনিটে পেনাল্টিতে দলকে লিড এনে দেন মেসিই। ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা এমবাপে ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। শেষ দিকে কয়েকটি আক্রমণ করেও পারেনি লাইপজিগ। রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগের ‘এ’ গ্রুপে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে চারে থাকা লাইপজিগের পয়েন্ট শূন্য। এই গ্রুপের আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটি ৫-১ গোলে হারিয়েছে ক্লাব ব্রুজকে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটিজেনরা। ৪ পয়েন্ট নিয়ে পরের স্থানে ক্লাব ব্রুজ।

ওয়ান বাংলা নিউজ / ২০ অক্টোবর ২০২১ / সুমন আহমদ