জাতির ক্রান্তিকালে দেশ পরিচালনায় দৃষ্টান্ত বেগম জিয়া : রিজভী

99

ঢাকা সংবাদদাতা: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয়। দেশ ও জাতির ক্রান্তিকালে কীভাবে দেশকে পরিচালনা করতে হয় সে অদম্য দৃষ্টান্ত দেখিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অসুস্থ থাকার পরও দেশের মানুষের প্রতি যার প্রতিশ্রুতি-অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিচলিত হননি।

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় কৃষকদল আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে এই সরকার শুধুমাত্র অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জনগণের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে বন্দী করে রাখা হয়েছে। সুচিকিৎসা তার নাগরিক অধিকার, মৌলিক অধিকার সে অধিকারও হরণ করা হয়েছে।

সাবেক এই ছাত্রনেতা বলেন, আমাদের হাজার বছরের সম্প্রীতির যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে সংঘাত-সংঘর্ষের মধ্যে ফেলে দিয়ে এই সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিক্রি করে দিয়েছেন।

সংগঠনের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় দোয়া মাহফিলে কৃষকদলের সহ-সভাপতি গৌতম চক্রবর্তী, যুগ্ম-সম্পাদক টি এস আইয়ুব, সাবেক কেন্দ্রীয় সদস্য কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বর্তমান দফতর সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।