উল্টো পথে আসা বাস চাপায় নিহত ২

601

ঢাকা সংবাদদাতা: মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উল্টো পথে আসা বাসের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চারজন। সোমবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের ফরহাদ হোসেন ও তার শ্বাশুড়ী রাজৈরের নিসাবদী গ্রামের স্বরূপা বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় সামনে উল্টো পথে আসা বাসটি ইজিবাইকটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত ৬ জনকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে মিঠাপুর গ্রামের রুবেল জমাদ্দার, সিকি নওহাটা গ্রামের শহিদুল ইসলাম ও লুৎফর রহমানসহ ৪ জনকে আশঙ্কাজন অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার সরোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক রাখে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ এসে দুর্ঘটনা কবলিত বাসটির নিয়ন্ত্রণে নিয়েছে। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।