সিলেটে গণপিটুনিতে ডাকাত নিহত, ৫ গ্রামবাসী গুলিবিদ্ধ

942

সিলেট সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে জনতার গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ঢাকা দক্ষিণের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় গুলি ছুড়ে ডাকাতরা। স্থানীয় জনতা ধাওয়া দিয়ে এক ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় ডাকাতের গুলিতে আহত হন পাঁচজন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন- ঢাকা দক্ষিণের পশ্চিম দত্তরাইল গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২২), মানোয়ার হোসেন (২৪), একই এলাকার আতিব আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০), বকু মিয়ার ছেলে আরমান আহমদ (৩০) ও মনন আহমদের ছেলে দুলাল আহমদ (২৭)।

স্থানীয়রা জানান, রোববার ভোরে দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের জ্ঞান সেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়।

ডাকাতরা বাড়ির বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে এক হাজার ডলার, নগদ দুই লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এদিকে এলাকায় ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে পাঁচজন আহত হন। এক পর্যায়ে বাকি ডাকাতরা পালিয়ে গেলেও গ্রামবাসী এক ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে ওই ডাকাত ঘটনাস্থলেই মারা যায়।