আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস আফগানিস্তানের রাজধানী কাবুলে গোপনে তালেবান নেতা মোল্লা আব্দুলগনি বারাদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর প্রকাশ করেছে। দৈনিকটি জানিয়েছে, ২৩ আগস্ট কাবুলে বারাদারের সঙ্গে এ সাক্ষাৎ হয় উইলিয়াম বার্নসের।
তালেবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভার কোনো সদস্য শীর্ষস্থানীয় তালেবান নেতার সঙ্গে সাক্ষাৎ করলেন।
সিআইএ এই সাক্ষাতের বিষয়টি এখনো নিশ্চিত না করলেও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পদস্থ মার্কিন কর্মকর্তা এ খবর জানিয়েছেন।
মোল্লা বারাদার তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা এবং ১১ বছর আগে সিআইএ ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তাকে আটক করা হয়। তিনি দীর্ঘ আট বছর পাকিস্তানের কারাগারে বন্দি জীবন কাটিয়েছেন।
এমন সময় তালেবান নেতার সঙ্গে সিআইএ প্রধানের সাক্ষাতের খবর প্রকাশিত হলো যখন পশ্চিমা দেশগুলোর নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার জন্য আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো দিনরাত কাজ করে যাচ্ছে।
এদিকে তালেবান হুঁশিয়ার করেছে, আগামী ৩১ আগস্টের নির্ধারিত তারিখের মধ্যে পশ্চিমা দেশগুলোকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে হবে এবং এই সময়সীমা বাড়ানো হবে না।
অনেকে মনে করছেন, ওই সময়সীমা বাড়ানোর আর্জি নিয়েই উইলিয়াম বার্নস মোল্লা আব্দুল গনি বারাদারের শরণাপন্ন হয়েছিলেন।















