নরসিংদীতে দুদলের সংঘর্ষে গুলিবিদ্ধ ২

391

ঢাকা সংবাদদাতা : আধিপত্য বিস্তার কেন্দ্র করে নরসিংদীতে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন।

রোববার সকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মোরাদনগর গ্রামে রায়হান মেম্বার ও আসাদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন- সজল মিয়া ও অনিক মিয়া। এদের মধ্যে সজলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অনিক মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তার কেন্দ্র করে রায়হান মেম্বার ও আসাদ দুগ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে গত কয়েক দিন আগে রায়হান মেম্বার সমর্থকদের মারপিট করে বাড়িছাড়া করেন আসাদ গ্রুপের সমর্থকরা।

এরই জের ধরে শনিবার থেকে দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে আজ রোববার সকালে আসাদ গ্রুপের সমর্থকরা সংঘবদ্ধ হয়ে রায়হান মেম্বার সমর্থকদের বাড়িঘরে হামলা চালান। এ সময় উভয় গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষ ককটেল বিস্ফোরণ ও গুলি করে। এতে দুজন গুলিবিদ্ধসহ চারজন আহত হন। হামলার সময় প্রতিপক্ষরা বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান।

সদর মডেল থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, এলাকার আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।