হবিগঞ্জের এমপি মজিদ খান করোনায় আক্রান্ত

198

সিলেট সংবাদদাতা: হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুল মজিদ খান করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপরই তিনি চিকিৎসার উদ্দেশে ঢাকায় চলে গেছেন।

এর আগে সোমবার দুপুরে তিনি আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে একটি স্কুলের ভবন উদ্বোধন করেন। পরে স্থানীয় বাজারে তিনি পথসভায় বক্তৃতা করেন। একই দিন তিনি বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।

এমপি মজিদ খানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার ব্যক্তিগত সহকারী মো. সেলিম উদ্দিন জানান, কয়েক দিন ধরে এমপি আব্দুল মজিদ খান হালকা জ্বর ও সর্দি অনুভব করছেন। রোববার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার রাতে তার রিপোর্ট পজিটিভ আসে। তার সুস্থতা কামনায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি তিনি করোনার ভ্যাকসিন গ্রহণ করেন। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিজে ভ্যাকসিন গ্রহণ করে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।