ঢাকা সংবাদদাতা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আইনের অধীন পরিচালনা না করে ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। ফলে রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা চরম ঝুঁকিতে পড়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অন্তর্নিহিত শক্তি বিনষ্ট হয়ে যাচ্ছে নৈতিকভাবে অসার হয়ে পড়ছে। রাষ্ট্রের অস্তিত্বের স্বার্থে প্রতিষ্ঠানগুলোর আভ্যন্তরীণ দুর্বলতা চিহ্নিত করে এর প্রতিকার করা জরুরি।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
আ স ম রব বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই লগ্নে রাষ্ট্রের ভূমিকা আমাদের জন্য চরম বেদনার। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের জমিতে অন্যায় অপশাসন ও নিপীড়নের বীজ পল্লবিত হচ্ছে প্রতিদিন। এভাবে চলতে থাকলে রাজনৈতিক নৈরাজ্য আমাদের সকল অর্জনকে গ্রাস করে ফেলবে। একুশের প্রতিবাদী চেতনায় বায়ান্নের ন্যায় সম্মিলিত ভাবে সকল অন্যায় ও অবিচারকে রুখতে হবে।
দলের কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- দলের কার্যকরী সভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কামাল উদ্দিন পাটোয়ারী, এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, এডভোকেট জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, অ্যাডভোকেট খলিলুর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য হাজী আখতার হোসেন ভুইয়া, তানভীর আহমেদ, এডভোকেট নাজিম উদ্দীন, আনিসা রতœা প্রমুখ।















