ঢাকা সংবাদদাতা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিল করার প্রতিশোধ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংক দিয়ে প্রধান বিচারপতির আয়-ব্যয়ের তদন্ত শুরু করেছে সরকার।
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
রুহুল কবির বলেন, ‘ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের পর্যবেক্ষণে সংসদকে অপরিপক্ব বলায় এই সংসদ ও সরকার অবৈধ।’ অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন তিনি।
রিজভী অভিযোগ করেন, সরকার যাদেরকে বিরোধী পক্ষ মনে করে, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও এনবিআরের মতো প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে।
বিএনপি নেতা বলেন, ‘বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আয়, ব্যয়ের তদন্ত শুরু করেছে এনবিআর ও বাংলাদেশ ব্যাংক। বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতি সম্পর্কে মন্ত্রী ও এমপিদের আক্রমণাত্মক বক্তব্যে সব মহলেই যখন সমালোচনার ঝড় উঠেছে, ঠিক তখনই আয়-ব্যয়ের এ তদন্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে সরকারের প্রতিশোধ গ্রহণের পালা শুরু হলো বলে সবাই মনে করছে।’















