‘বিশেষ মর্যাদা রক্ষার্থে রক্ত ঝরাতে প্রস্তুত কাশ্মিরিরা’

888

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মির থেকে সংবিধানের ৩৫-এ ধারা বাতিলের চেষ্টার প্রতিবাদে আগামী ২৯ আগস্ট বন্ধের ডাক দিয়েছেন কাশ্মিরি নেতারা। ৩৫-এ ধারা অনুসারে রাজ্যটি বিশেষ মর্যাদা ও সুবিধা ভোগ করে।

যৌথ প্রতিরোধ নেতৃত্ব সাইয়্যেদ আলী শাহ গিলানি, মীরওয়াইজ ওমর ফারুক এবং মুহাম্মদ ইয়াসীন মালিকের পক্ষ থেকে ওই বন্ধের ডাক দেয়া হয়েছে।

তারা বলেছেন, এটা তাদের জীবন ও মৃত্যুর ব্যাপার এবং এটি রক্ষার জন্য প্রয়োজনে তারা রক্ত ঝরাবেন।

৩৫-এ ধারা ইস্যুতে আগামী ২৯ আগস্ট সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হবে।

তার আগে প্রতিরোধ আন্দোলন নেতৃত্বের পক্ষ থেকে এ ব্যাপারে শুক্রবার থেকে পাঁচ দিনের প্রতিবাদ আন্দোলন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

আজ কাশ্মির ‘বার অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। একইদিনে ‘জেলা বার অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থানে প্রতিবাদ জানানো হবে।

শনিবার সমস্ত সুশীল সমাজ, ব্যবসায়ী সংগঠন, ধর্মীয় ও সামাজিক সংস্থার পক্ষ থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ হবে।

একইভাবে রোববার ও সোমবারও বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার আদালতের পক্ষ থেকে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় ওইদিন সম্পূর্ণ বন্ধ পালিত হবে।

যৌথ প্রতিরোধ নেতৃত্বের পক্ষ থেকে হুঁশিয়ারিতে বলা হয়েছে, আদালত যদি ওই ইস্যুতে কোনো প্রতিকূল আদেশ দেয় তাহলে সেই মুহূর্ত থেকে সর্বাত্মক আন্দোলন শুরু হবে। একটি জীবন্ত জাতি হিসেবে কাশ্মিরিরা জানে যে, তাদের মর্যাদা কীভাবে রক্ষা করতে হয়। এ ব্যাপারে তারা সরকারের সমস্ত প্রচেষ্টা প্রতিরোধ করারও অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সূত্র : ওয়েবসাইট