ওয়ানবাংলানিউজ: আবারো ব্রিটেনে শুরু হতে যাচ্ছে বাংলা ছায়াছবির প্রদর্শন। সেপ্টেম্বর মাস থেকে নিয়মিত ভাবে এ প্রদর্শনির আয়োজন করতে যাচ্ছে “বেঙ্গলী ফিল্ম ক্লাব ইউকে”। ইউকে থেকে বাংলা চলচিত্র প্রদর্শনি বন্ধ হয়ে গেলেও, বাংলা সংস্কৃতি ইউকেতে বসবাসরত বাঙ্গালী ও সর্বত্র ছড়িয়ে দিতেই আবারো বাংলা সিনেমা প্রদর্শনের উদ্যোগ নিয়েছে “বেঙ্গলী ফিল্ম ক্লাব ইউকে”। গত ১৮ আগস্ট বৃহস্পতিবার এ উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী ৩ ও ৪ সেপ্টেমবর বার্মিংহামের সিনেমা হলে প্রদর্শনের মাধ্যমে এর যাত্রা শুরু হবে। ১০ ও ১১ সেপ্টেমবর পূর্ব লন্ডনের বুলিয়ন সিনেমা হলে প্রদর্শনির মাধ্যমে লন্ডনে আবার শুরু হবে বাংলা সিনেমার যাত্রা। এরপর সপ্তাহের প্রতি রোব ও সোমবার বুলিয়ন সিনেমা হলে দেখানু হবে বাংলা ছায়াছবি।
আয়োজকরা মনে করেন বাংলাদেশে নির্মিত অনেক ভালো ভালো সিনেমা প্রদর্শনের অভাবে যুক্তরাজ্যে বসবাসরত বাঙ্গালিরা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন, তারা মনে করেন এ উদ্যোগের ফলে ব্রিটেনের মেইন স্ট্রিমের লোকজনও বাংলা সিনেমা সম্পর্কে জানতে পারবেন।
“বেঙ্গলী ফিল্ম ক্লাব ইউকে”র পরিচালক অভিনেতা স্বাধীন খসরুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ক্লাবের এমডি শাহ ইসলাম ছাম, চলচিত্র প্রযোজক আব্দুল মুকিত চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার কাউন্সিলর আব্দুল মুকিত চুন্নু এমবিই, ক্লাবের প্যাট্রন চলচিত্র পরিচালক রুহুল আমিন, ময়নুল হোসেন মুকুল প্রমূখ।
এসময় উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন ক্লাবের নেতৃবৃন্দ।
শাহ আব্দুল করিমের জীবন ও কর্মের উপর নির্মিত সিলেটি ভাষার সিনেমা “রংয়ের দুনিয়া” উদ্বোধনী সপ্তাহে প্রদর্শিত হবে বলে জানানো হয়।















