করোনামুক্ত হলেন কাউন্সিলর খোরশেদের স্ত্রী

412

ঢাকা সংবাদদাতা: করোনার শুরু থেকে নানা সামাজিক কার্যক্রম ও আক্রান্ত বা উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের দাফন কাফনে এগিয়ে আসা দেশে বিদেশে আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রীর টেস্ট রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে। তবে তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা করোনার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন এবং তার ফুসফুসের ৫০ ভাগ অক্সিজেন না পাওয়ায় তিনি আরও কিছুদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন কাউন্সিলর খোরশেদ নিজেই।

তিনি বলেন, ‘৩০ মে আমার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে আমি ভেঙে পড়িনি। এর আগে আমার স্ত্রীর করোনা পজিটিভ এসেছিল। শুক্রবার লুনার করোনাভাইরাস নেগেটিভ এসেছে। তবে আমার পজিটিভ এসেছে। রিপোর্টে পজিটিভ আসলেও উপসর্গ না থাকায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে আমাকে। তবে আগামী সাতদিন বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নেব আমি।’

তিনি আরও বলেন, ‘করোনা থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয় লুনা। বর্তমানে লুনা করোনামুক্ত হলেও এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। নারায়ণগঞ্জবাসীর ভালোবাসায় আমরা ভালো আছি, সুস্থ আছি।’

প্রসঙ্গত, আক্রান্তদের সেবা করতে গিয়ে ৩০ মে নিজেও করোনায় আক্রান্ত হন খোরশেদ। এর আগে গত ২৩ মে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। তবে আক্রান্ত হলেও তার কার্যক্রম থেমে নেই। তার টিম মেম্বারদের মাধ্যমে দাফন কাফনসহ সকল কার্যক্রম তিনি অব্যাহত রেখেছেন।