ঈদের আগে খুলছে না সিলেট নগরীর কোনো শপিংমল

967

সিলেট সংবাদদাতা: জনস্বাস্থ্য বিবেচনায় ঈদের আগে খুলছে না সিলেট নগরীর কোনো শপিংমল ও বিপণিবিতান। শুক্রবার দুপুরে সিলেট সিটি করপোরেশনে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত একাধিক ব্যবসায়ী নেতা জানান, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১০ মে থেকে সিলেটের কোনো শপিংমল, মার্কেট ও ফ্যাশন হাউস না খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠান না খোলার ব্যাপারেও সবাই একমত হন।

এর আগে বৃহস্পতিবার নগরীর নয়াসড়ক ব্যবসায়ী সমিতি নয়সাড়ক এলাকার কোনো ব্যবসা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্তের কথা জানায়।

প্রসঙ্গত, ঈদকে সামনে রেখে ১০ মে থেকে দোকান-পাট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার। বেশ কয়েকটি শর্ত মেনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশের শপিং মলগুলো খোলা রাখা যাবে।

বৈঠকে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শফিউল আলম নাদেলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।