ঢাকা সংবাদদাতা: চট্টগ্রামে এবার একদিনে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৬০ জন। মারা গেছে আরও দুইজন। শুক্রবার তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের বিআইটিআইডিতে ১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। তম্মধ্যে ১৯ জনের করোনা পজিটিভ আসে। আর সিভাসুর ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা পজেটিভ আসে। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্ত হয়েছে চট্টগ্রামের লোহাগাড়ার একজন। তার মৃত্যু হয়েছে।
বিআইটিআইডির ল্যাবে শনাক্তদের ১৮ জন চট্টগ্রাম জেলার, একজন নোয়াখালীর।
সিভাসুর ল্যাবে শনাক্তরা ফেনী ও লক্ষীপুর জেলার। কক্সবাজারে শনাক্ত হওয়া লোহাগাড়ার একজনসহ চট্টগ্রাম জেলায় আক্রান্ত বেড়ে দাড়িয়েছে ১৫৯ জনে। আক্রান্তদের মধ্যে চট্টগ্রামের সাগরিকা শিল্প এলাকার সগির আহমেদ (৬০) ও লোহাগাড়া উপজেলার নুরুল ইসলামের (৪২) মৃত্যু হয়েছে। তিনি উপজেলা সদর বটতলী মোটর স্টেশনের কলার আড়তদার। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাছির পাড়ার বাসিন্দা। তার করোনা শনাক্ত হয় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে। তিনিসহ চট্টগ্রামে মৃত বেড়ে দাড়িয়েছে ১৪ জনে। এছাড়া এ উপজেলায় নতুন করে আক্রান্তদের মধ্যে দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী ও একজন পুলিশ কনস্টেবল রয়েছেন। স্বাস্থ্যকর্মী দুইজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। পুলিশ কনস্টেবলের বাড়ী উপজেলার আধুনগর ইউনিয়নের মছদিয়া বড়–য়া পাড়ায়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, করোনায় মৃত নুরুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে নতুন আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য গত ২ মে ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার রাতে প্রাপ্ত রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে। অপর আক্রান্ত পুলিশ কনস্টেবলের নমুনা সংগ্রহ করে বুধবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতে প্রাপ্ত রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ আসে।
তিনি আরো জানান, গত ১৮ এপ্রিল ওই পুলিশ সদস্য কর্মস্থল ঢাকার রাজারবাগ পুলিশ লাইন থেকে উপজেলায় আধুনগর মছিদিয়ার বড়ুয়া পাড়ায় নিজের বাড়িতে ফিরেন। বাড়িতে আসার পর থেকেই তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। করোনা পজেটিভ রিপোর্ট আসার পর তাকে বর্তমানে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
সিভিল সার্জন জানান, বৃহস্পতিবার রাত পর্যন্ত ৪১জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন ৭২জন।















