ঢাকা সংবাদদাতা: বিশ্বব্যাংকের পর এবার বাংলাদেশের এ বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে পূর্বাভাষ দিল আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ। তারা বলেছে, করোনা ভাইরাস মহামারির প্রেক্ষাপটে এ বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে খুবই কম। তা হতে পারে শতকরা মাত্র ২ ভাগ। আজ দিনের শুরুতে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক নামে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে শতকরা মাত্র ২ ভাগ। এর আগে আইএমএফ এ সময়ে প্রবৃদ্ধি শতকরা ৭ ভাগ অর্জিত হবে বলে পূর্বাভাষ দিয়েছিল। তবে নতুন করে প্রকাশিত রিপোর্টে কিছুটা আশার বাণী শোনানো হয়েছে। বলা হয়েছে, আগামী বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়ে দাঁড়াতে পারে শতকরা ৯.৫ ভাগ। এ বছরের পূর্বাভাষের চেয়ে এই সংখ্যা অনেক বেশি।
কয়েকদিন আগে বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে পূর্বাভাষ দেয়। তাতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে এই অর্থবছরে বাংলাদেশে শতকরা ২ থেকে ৩ ভাগ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে।












