গাড়ির গতিরোধ করে পিস্তল ঠেকিয়ে ৪০ লাখ টাকা লুট

940

ঢাকা সংবাদদাতা: কুমিল্লায় গাড়ির গতিরোধ করে পিস্তল ঠেকিয়ে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লি. নামের একটি ঠিকাদারী কোম্পানির ৪০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে নগরীর চর্থা এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এসময় ওই কোম্পানির কর্মকর্তা মাইনউদ্দিন রাজিবকে (৩৪) ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, ‘৪০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা সত্য কিনা, নিশ্চিত হতে আমরা চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি। বিষয়টি খতিয়ে দেখছি।’

ঠিকাদারী কোম্পানিটির প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর সালাউদ্দিন এলাকার শাহজালাল ইসলামী ব্যাংক থেকে কর্মকর্তা, কর্মচারী ও মাসিক বাড়ি ভাড়া প্রদানের জন্য ৪০ লাখ টাকা উত্তোলন করে মাইনউদ্দিন রাজিব। পরে গাড়ি চালকসহ কুমিল্লা ইপিজেড এলাকা দিয়ে অফিসে যাওয়ার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে।’

গাড়ি চালকের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘মোটরসাইকেল নিয়ে তিন যুবক প্রথমে গাড়ি গতিরোধ করে একটি ফাঁকা গুলি করে। তারপর গাড়িতে প্রবেশ করে ওই কর্মকর্তার মাথায় পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করে। তিনি বাধা দেন। পরে তার হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।’