আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে একটি মসজিদে বোমা হামলা হয়েছে। শনিবার (৫ আগস্ট) ভোরের দিকে মুসল্লিরা যখন নামাজ আদায়ের জন্য জড়ো হচ্ছিলেন তখনই ইমামের অফিস কক্ষে বোমাটি বিস্ফোরিত হয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এরইমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হামলাকারীকে খুঁজছে পুলিশ।
জানালা দিয়ে বোমাটি ছুড়ে মারা হয়
নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, শনিবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে দার আল ফারুক মসজিদের ইমামের অফিসের জানালা দিয়ে বোমাটি ফেলা হয়। মসজিদের নির্বাহী পরিচালক মোহাম্মদ ওমর ব্লুমিংটনে সাংবাদিকদের জানান, বোমা হামলার পর পরই ভবনের পার্কিং লট থেকে একটি পিকআপ ট্রাককে দ্রুত চলে যেতে দেখেছেন।
মিনিয়াপোলিস এলাকার মসজিদে হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স। সংগঠনটির এক পর্যালোচনায় দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রে গত এক বছরে ‘মুসলিম-বিরোধী’ হামলার ঘটনা বেড়েছে।
গত মে মাসে কাউন্সিলের করা হিসেব অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে ২,২১৩টি মুসলিমবিদ্বেষী ঘটনা ঘটেছে; যা আগের বছরের তুলনায় ৫৭ শতাংশ বেশি।
মিনিয়াপোলিসের মসজিদে বোমা হামলার পর যুক্তরাষ্ট্রের সব মসজিদে নিরাপত্তা জোরদারের পরামর্শ দিয়েছে সংগঠনটি।















