ওয়ানবাংলানিউজ: আগামী প্রজন্মের পুলিশ অফিসার নিয়োগে মেট্রোপলিটান পুলিশের সাথে ঘনিষ্টভাবে কাজ করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। মেট পুলিশ চাচ্ছে তাদের নতুন নিয়োগের ৪০ শতাংশ কৃষ্ণাঙ্গ, এশিয় অথবা সংখ্যালঘু নৃতাত্বিক সম্প্রদায় থেকে নিয়োগ করতে। লন্ডনের সবচেয়ে বৈচিত্রময় কাউমিউনিটি সমূহ যেখানে রয়েছে, সেখান থেকে যদি আবেদনকারীদের আকৃষ্ট করা না যায়, তাহলে পুলিশের নিয়োগ লক্ষ্যমাত্রা অর্জন অনেক কঠিন হবে।
এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস বলেন, আমরা বিশ্বার করি যে, লন্ডনের পুলিশ ফোর্স যাদের সুরক্ষায় নিয়োজিত, সেই সকল কমিউনিটির যথার্থ প্রতিফলন পুলিশ ফোর্সে থাকা উচিত। মেট পুলিশ সাম্প্রতিক বছরগুলোতে অনেক এগিয়ে এসেছে, তবে তারা হবে প্রথম নিয়োগদাতা যারা এটা স্বীকার করে যে তাদের নিয়োগ কার্যক্রম আরো বৃহত্তর পরিসরে হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
মেয়র বলেন, লন্ডনের মধ্যে সবচেয়ে বেশি তরুণ জনগোষ্টি রয়েছে টাওয়ার হ্যামলেটসের এবং সবেচেয়ে বৈচিত্র্যময় নৃতাত্বিক পরিচয়ের কমিউনিটি হচ্ছে আমাদের মূল শক্তি। বন্ধুত্ব, বিশ্বস্ততা ও পরিশ্রমী – এই সংস্কৃতির ওপর ভিত্তি করে গড়ে ওঠেছে আমাদের কমিউনিটি। মেট পুলিশ তাদের ভবিষ্যত অফিসার নিয়োগের ক্ষেত্রে এমন আদর্শ জনপদ আর কোথাও পাবে বলে আমি মনে করিনা।
সকল আবেদনকারীর মতোই টাওয়ার হ্যামলেটসের আবেদনকারী বাসিন্দাদেরকেও সমান মূল্যায়ন ও ভেটিং বা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তবে কাউন্সিলের কর্মসংস্থান সহায়ক বিভাগ ওয়ার্কপাথ এ ব্যাপারে বারার আবেদনকারীদের সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
ওয়ার্কপাথ এর পক্ষ থেকে এর আপার ব্যাংক স্ট্রিটে অবস্থিত অফিসে আয়োজন করা হবে প্রি-এপ্লিকেশন ইনফরমেশন ডে, যেখানে সম্ভাব্য আবেদনকারীরা পুলিশ ফোর্সে কী ধরনের কেরিয়ার গড়ে যাবে, সেসম্পর্কে যাবতীয় তথ্য পাবেন।
যারা আবেদন করতে আগ্রহী হবেন, তাদেরকে এসেসমেন্ট ও ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিলের ওয়ার্ক এন্ড ইকোনোমিক গ্রোথ বিষয়ক কেবিনেট মেম্বার, কাউন্সিলর মতিন উজ-জামান বলেন, আমাদের কমিউনিটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ অফিসাররা অপরিহার্য ভূমিকা পালন করে থাকেন। এটি এমন একটি ক্যারিয়ার, যা কমিউনিটিগুলোর একদম প্রাণের মধ্যে কাজ করার, দলের অংশভূক্ত হওয়ার এং সত্যিকারের পরিবর্তন আনতে ভূমিকা রাখার সুযোগ করে দেয়।
কাউন্সিলর মতিন আরো বলেন, এরপরও এটা আমি স্বীকার করি যে, আমাদের অনেক বাসিন্দাই আগে ক্যারিয়ার হিসেবে এটাকে বিবেচনা করার সুযোগ পাননি। আমি তাদেরকে এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে এবং পুলিশ ফোর্সে কোন ধরনের ক্যারিয়ার গড়ে তোলা যায়, তা খুঁজে বের করতে অনুরোধ জানাচ্ছি।















