সিলেট সংবাদদাতা: ডেঙ্গু নিয়ে সিলেটে আতঙ্ক দেখা দিয়েছে। ঢাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার খবরে সিলেটের সর্বত্র এই আতঙ্ক। এর মধ্যে সিলেটেও ডেঙ্গু রোগীর দেখা মিলেছে। ডেঙ্গু আক্রান্ত কয়েকজন ইতিমধ্যে চিকিৎসা নিয়েছেন। তবে এরই মধ্যে সতর্ক রয়েছেন সংশ্লিষ্টরা। কঠোর বার্তা দিয়েছেন সিলেটের মেয়রও। গতকাল জুমার নামাজের আগে মসজিদে মসজিদে মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে দেয়া সতর্ক বার্তাও মুসল্লিদের পড়ে শোনান ইমামরা। নির্দেশ দেয়া হয়েছে- নিজের বাড়ির আঙ্গিনা, ময়লাযুক্ত স্থান অপসারণের জন্য।
পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে শুরু হয়েছে মশক নিধন অভিযান। বৃহস্পতিবার থেকে গোটা নগরজুড়েই মশা মারা শুরু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তবে, তারা চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এখনো ভর্তি রয়েছেন ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। গত ৩ দিনে নতুন করে কোনো ডেঙ্গু রোগী পাওয়া যায়নি। ডেঙ্গু মোকাবিলায় জেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্ক করে রাখা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সিলেটের মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরাও সতর্ক রয়েছে বলে জানিয়েছেন, জেলা স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা। সিলেট নগরভবন সূত্র জানিয়েছে, নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার ও মহিলা কলেজের চারপাশে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানোর কার্যক্রমের উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এর পরপরই নগরীর ২৭টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি শুরু হয়। চলমান এ কার্যক্রমে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, শুধুমাত্র ওষুধ স্প্রে করেই মশক নিধন করা সম্ভব নয়। এজন্য সম্মানিত নাগরিকদেরও সচেতন থাকতে হবে। বাসাবাড়ির আশেপাশে যাতে মশার বংশবৃদ্ধি না ঘটে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।’ মেয়র বলেন, ‘নিজ নিজ এলাকার বাসাবাড়ি আঙিনা, ঝোপঝাড়, জঙ্গল ইত্যাদি পরিষ্কার করে এবং মশার উৎপত্তি স্থলে মশার ওষুধ ছিটানোর কাজে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যাশা করেন। আগামী এক সপ্তাহ এই মশক নিধন অভিযান চলবে জানিয়ে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী জানান, মশক নিধন অভিযান যথাযথভাবে পরিচালনা করার জন্য একটি নিয়ন্ত্রণ সেল গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মশক নিধন কার্যক্রম শুরু করেই ক্ষান্ত হননি সিলেটের মেয়র। তার তরফ থেকে নগরীর সব ক’টি মসজিদের ইমামদের মাধ্যমে দেয়া হয়েছে সতর্কবার্তা। এই সতর্ক বার্তার মধ্যে রয়েছে, বাসাবাড়ির ময়লাযুক্ত স্থান নগরবাসী ব্যক্তি উদ্যোগে পরিষ্কারকরণ। সিটি করপোরেশনের পক্ষ থেকে ছড়া ও খাল পরিষ্কার এবং মশার ওষুধ ছিটানো হবে। গতকাল মেয়র আরিফুল হক চৌধুরী নিজেও জুমার নামাজ আদায় করেন নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্টের শেখ ছানাউল্লাহ জামে মসজিদে। নামাজের পর তিনি নগরবাসীর প্রতি কড়া সতর্কবার্তা দেন। বলেন, নিজেদের প্রয়োজনেই এখন সবাই সবার বাসা বাড়ির ময়লাযুক্ত স্থান পরিষ্কার করে নিতে হবে। এরপর সিটি করপোরেশনের মনিটরিং টিম তদারকি করবেন। যদি কেউ ময়লাযুক্ত স্থান পরিষ্কার করতে গাফিলতি করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। করা হবে জরিমানাও। পরে মেয়র নগরী বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। গতকাল তিনি সিলেটের একাধিক অনুষ্ঠানে সিলেটবাসীকে সতর্ক করে দিয়েছে ময়লাযুক্ত স্থান যেনো পরিস্কার করে রাখা হয়। পাশাপাশি কেউ আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা গ্রহণের কথাও জানিয়েছেন তিনি। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনূস মিয়াও জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীরা যাতে হাসপাতালে দ্রুততম সময়ে সটিক সেবা পায় সে ব্যাপারে ইতিমধ্যে তারা কার্যক্রম গ্রহণ করেছেন। প্রস্তুত রয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবাও।















