সিঁড়িতে পা পিছলে বাড়িওয়ালার মৃত্যু

598

ঢাকা সংবাদদাতা: রাজধানীর ডেমরায় নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলা থেকে নামার সময় পা পিছলে ওই বাড়ির মালিক আব্দুল হক গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার (১৬ জুলাই) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
নিহত আব্দুল হকের ছেলে মোহাম্মদ আলী জানান, ডেমরার সারুলিয়া পূর্ব বক্সনগর এলাকায় তাদের নিজেদের বাড়ি। বাড়ির নিচতলায় তারা থাকেন, দ্বিতীয় তলার নির্মাণ কাজ চলছে।
মোহাম্মদ আলী বলেন, ‘বাবা আজ (রবিবার) ভোরে ঘুম থেকে উঠে নির্মাণাধীন দোতলার দেয়ালে পানি দিতে যান। পানি দিয়ে নামার সময় তিনি পা পিছলে সিঁড়ি থেকে নিচে পড়ে যান। এসময় গুরুতর আহত হন তিনি।’
এসআই বাচ্চু মিয়া বলেন, ‘আহত অবস্থায় আব্দুল হককে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এখানকার কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১১টায় আব্দুল হককে মৃত ঘোষণা করেন।’