নির্বাচনী সফরে প্রধানমন্ত্রী আজ রংপুর যাচ্ছেন

325

ঢাকা সংবাদদাতা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রংপুরে যাচ্ছেন। সেখানে তিনি দুটি জনসভায় বক্তব্য দেবেন।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সভাপতি শেখ হাসিনা সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এ ছাড়া তিনি দুপুর ২টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

জনসভায় আওয়ামী লীগের জাতীয় নেতা, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা ও জেলার বিভিন্ন নির্বাচনী এলাকার দলীয় ও মহাজোটের মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

গত ১২ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং মাজার জিয়ারতের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি তাঁর নির্বাচনী প্রচার শুরু করেছিলেন।

নির্বাচনী প্রচারের দ্বিতীয় পর্যায়ে গতকাল শনিবার সিলেট সফর করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি হজরত শাহজালাল (রহ.), হজরত শাহ পরাণ (রহ.) এবং হজরত গাজী বোরহানউদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করেন। পরে বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন।