ইউরোপ-আমেরিকান প্রবাসীর সঙ্গে বিয়ের লোভ দেখিয়ে প্রতারণা, গোপালগঞ্জে আটক ৬

1089

ঢাকা সংবাদদাতা: পাত্রীর খরচে ইউরোপ-আমেরিকায় পাঠানোর লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে গোপালগঞ্জে ছয়জনকে আটক করেছে পুলিশ।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সদর উপজেলার উলপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রুবেল মেহেদী (৩২), তার স্ত্রী আফরোজা আক্তার (২৮), ছোট ভাই মো. তনু অনিক (৩০), তাড়গ্রামের লুৎফর মোল্লার ছেলে মশিউর মোল্লা (২০), শহীদ মোল্লার ছেলে মো. এরশাদ মোল্লা (৩৪) ও কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামের বাবু মোল্লার ছেলে আব্দুর আজিজ মোল্লা (৩০)।

পুলিশ কর্মকর্তা ছানোয়ার বলেন, “তারা বিভিন্ন পত্রিকায় পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ফাঁদ তৈরি করতেন।

“বিজ্ঞাপনে পাত্রদের আকৃষ্ট করতে পাত্রীর খরচে ইংল্যান্ড, আমেরিকা নিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হত। তারা পাত্রদের কাছ থেকে ফি নেন, কিন্তু বিদেশে তাদের কোনো পাত্রী নেই। তারা সাত-আট বছর ধরে দেশের বিভিন্ন জেলার মানুষের সঙ্গে এ ধরনের প্রতারণা করে আসছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।”

এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র: বিডিনিউজ