আন্তর্জাতিক ডেস্ক: স্ত্রী মেলানিয়া ট্রাম্পের বাবা-মাকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার মার্কিন নাগরিক হিসেবে শপথ নিয়েছেন তার শ্বশুর ভিক্টোর ও শাশুড়ি আমালিজা নাভস। এতদিন তারা ছিলেন স্লোভেনিয়ার নাগরিক। যদিও বসবাস করছিলেন আমেরিকাতেই, মেয়ে মেলানিয়ার কল্যাণে গ্রিন কার্ডের মাধ্যমে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবারভিত্তিক অভিবাসনের বিরোধিতা করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরিবারের সদস্যদের চেয়ে দক্ষতার ভিত্তিতে মার্কিন নাগরিকত্ব দেওয়াকেই সমর্থন করেন তিনি। কিন্তু শ্বশুড়-শাশুড়ির ক্ষেত্রে কিছুটা ছাড় তো দিতেই হয়!
ট্রাম্পের শ্বশুড় ভিক্টোর নাভস স্লোভেনিয়ার সেভনিকা শহরে গাড়ি বিক্রেতা হিসেবে কাজ করতেন। তার স্ত্রী আমালিজা কাজ করতেন একটি টেক্সটাইল কারখানায়। তাদের দুজনেরই বয়স ৭০ এর কোঠায়। মার্কিন অভিবাসন আইন অনুসারে মেলানিয়ার বাবা-মার অন্তত পাঁচবছর গ্রিন কার্ড ব্যবহারের পর নাগরিকত্বের আবেদন করার কথা ছিলো।
ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন ২০০৬ সালে। এর আগে মডেল হিসেবে তিনি যু্ক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন ২০০১ সালে মডেল হিসেবে বিশেষ দক্ষতা থাকা আইনস্টাইন ভিসায়।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবার ওয়েবসাইট এর মতে, নিউ ইয়র্কে সাধারণ আবেদন গ্রহন হতে ১১ থেকে ২১ মাস সময় লাগে। মেলানিয়ার আইনজীবী মাইকেল ওয়াইল্ডস বলেন, তারা পাঁচ বছরের শর্ত পূরণ করেছে।
সূত্র: বিবিসি















