ঢাকা সংবাদদাতা: চট্টগ্রাম নগরীর লালদিঘীর পাড়স্থ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সদর দপ্তরে আগুন লেগেছে। সোমবার বেলা ১১টার দিকে ওয়াইফাই রাউটার বিস্ফোরিত হয়ে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সাড়ে ১১টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
চট্টগ্রামের আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে নগর গোয়েন্দা কার্যালয়ের চারপাশে ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায়। এরপর আগুন জ্বলতে দেখা যায়। এই কার্যালয়ে চট্টগ্রামের বহু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার নথিপত্র রয়েছে। আগুন থেকে এসব নথি রক্ষা করা কিংবা গুরুত্বপূর্ণ কাগজপত্র রক্ষা করা সম্ভব হয়েছে কি না, তা জানা যায়নি।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, সোমবার সকাল সোয়া ১১টার দিকে লালদীঘি পাড়ে নগর পুলিশের সদরদপ্তরে গোয়েন্দা কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়।
পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী আরো জানান, খবর পেয়েই আমাদের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের ঊর্দ্ধতন কর্মকর্তারাও ঘটনাস্থলে আছেন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।















