ওয়ানবাংলানিউজ: গত বছর ১৩ মে সংঘটিত টাওয়ার হ্যামলেটের ব্রমলী-বাই-বো এরিয়ার ব্রেন্টন রুপার হত্যা মামলার শুনানী শেষে একই এলাকার বাঙ্গালী ড্রাগ ডিলার মোহাম্মদ সাইদ (২৭) ও তার সহযোগিদেকে ওল্ড বেইলী দোষী সাব্যস্ত করেছে। ফলে তাদের যাবজ্জীবন সাজা হতে পারে।
ব্রমলী বাই বো’র এগলিং ক্লোজের ৪১ বছর বয়স্ক ব্রেন্টন রুপার জীবনের জন্য কাল হয়েছিল তার বাসার সামনে অবৈধ ড্রাগ ডিলিং এ আপত্তি জানানো। আর এ কারণেই ড্রাগ ডিলার মোহাম্মদ সাঈদ ও তার সহযোগীরা ২০১৭ সালের ১৩ই মে ব্রেন্টন রুপারকে উপর্যুপরি ৫টি ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ করে তার বাসার সামনে রেখে পালিয়ে যায় । এক ঘন্টার মধ্যে খবর পেয়ে পুলিশ তাকে বিকাল ৪টা ৩০মিনিটে ছুরিকাহত ও গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এ ঘটনার সাথে মাইল্যান্ডের ২৭ বছর বয়সী মানজুর আহমাদ, স্টেপনি গ্রীনের ফয়জুর রহমান (২৮), ও ডাগেনহামের শাহ মুহাম্মদ হাবিবুর রহমান (২৮) নামে আরও তিনজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
জানা যায় মিঃ রুপার হত্যাকাণ্ডের পরদিন মোহাম্মদ সাঈদ ও শাহ হাবিবুর রহমান দেশের বাহিরে চলে গিয়েছিল। তবে পুলিশ সাঈদ, মনজুর ও ফয়জুরকে ব্রেন্টন হত্যায় জড়িত হিসেবে ২০১৭ সালের ২৪শে জুন গ্রেফতার করে। একই অভিযোগে অভিযুক্ত শাহ হাবিবুর রহমানকে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে গ্রেফতার করে। গ্রেফতার কৃত উল্লেখিত চার জনের বিরুদ্ধে ব্রেন্টন রুপার হত্যাকাণ্ডে জড়িত থাকা আদালতে প্রমাণিত হয়েছে এবং আগামী ২৩ জুলাই তাদের শাস্তি ঘোষণা করা হবে।
ইনভেস্টিগেশন অফিসার ডিটেকটিভ ইন্সপেক্টর ডেন মি: রুপার হত্যাকাণ্ডকে আবাসিক এলাকায় দিনের আলোতে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা এক নির্লজ্জ আক্রমণ বলে অভিহিত করেছেন। তিনি এই হত্যাকাণ্ডে স্বেচ্ছায় সাক্ষ্যপ্রমাণ প্রদানকারীদেরকে ধন্যবাদ জানান।















