আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পর এবার ব্যক্তিগত আইনজীবি নিয়োগ দিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও। ট্রাম্পের প্রচার শিবির ও রাশিয়ার মধ্যকার সম্ভাব্য যোগসাজশের তদন্তে পেন্সের পক্ষে লড়বেন রিচার্ড কুলেন নামে ওই আইনজীবী। বড়মাপের মক্কেলের পক্ষে লড়ার জন্য কুলেন বেশ পরিচিত মুখ। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, বিশেষ কৌঁসুলি রবার্ট মুয়েলার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় বাধাদানের অভিযোগ তদন্ত করছেন। মুয়েলার ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে এফবিআই’র তদন্তে নেতৃত্ব দিচ্ছেন। এই তদন্তের অংশ হিসেবেই ট্রাম্প শিবির ও রাশিয়ার সম্ভাব্য যোগসাজশের অভিযোগের তদন্ত চলছে। মুয়েলার দীর্ঘদিন এফবিআই’র নেতৃত্বে ছিলেন।
মার্কিন মিডিয়ার সংবাদে বলা হচ্ছে, নিজের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে তদন্ত থামানোর চেষ্টা করেছিলেন কিনা প্রেসিডেন্ট ট্রাম্প, তা জানতে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের জিজ্ঞাসাবাদ করবেন মুয়েলার। এছাড়া সাবেক এফবিআই প্রধান জেমস কমিকে বরখাস্ত করা নিয়েও কথা বলবেন তিনি।
ট্রাম্প বারবার অস্বীকার করেছেন রাশিয়ার সঙ্গে তার প্রচার শিবিরের কোন যোগসাজশ ছিল না। নিজের বিরুদ্ধে তদন্ত চলার সংবাদের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, এটি ভুয়া সংবাদ। তিনি টুইট করেন, ‘আমেরিকার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় উইচ হান্ট চাক্ষুষ করছেন আপনারা। এর নেতৃত্বে রয়েছে বেশ কিছু বদ ও স্বার্থবাজ লোক।’ ট্রাম্প আগেই নিজের ব্যক্তিগত আইনজীবী নিয়োগ দিয়েছেন। গত মাসে তিনি মার্ক কাসোয়িৎস নামে একজন আইনজীবী নিয়োগ দেন। তার আগে অন্তত চারজন শীর্ষস্থানীয় আইনজীবী ট্রাম্পের হয়ে লড়তে অস্বীকৃতি জানান।
এবার বৃহস্পতিবার ভাইস প্রেসিডেন্টের কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হয়, তিনি কুলেনকে নিয়োগ দিয়েছেন। এর আগে কয়েকজন আইনজীবীর সাক্ষাৎকারও নেন ভাইস প্রেসিডেন্ট।
কুলের এর আগে সাবেক কংগ্রেসম্যান টম ডিলে ও গলফার টাইগার উডসের সাবেক স্ত্রী এলিন নর্ডেগ্রেনের মামলা লড়েছেন। তিনি ইরান-কন্ট্রা ও ওয়াটারগেট কেলেঙ্কারি সংশ্লিষ্ট মামলাও জড়িত ছিলেন।















