বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

420

ঢাকা সংবাদদাতা: বগুড়ায় পুলিশের সঙ্গে তথাকথিত বন্দুকযুদ্ধে পুতু মিয়া (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে শহরের ভাটকান্দি ব্রিজের পূর্ব মাথায় এই ঘটনা ঘটে।

পুতু শহরের চকসূত্রাপুরের মজিবর রহমানের ছেলে। নিহত পুতুর বিরুদ্ধে বগুড়া সদর ও শিবগঞ্জ থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। তিনি জেলার তালিকাভুক্ত একজন শীর্ষ মাদক বিক্রেতা বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।

এ সম্পর্কে বগুরা জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ভাটকান্দী ব্রিজের পূর্ব মাথায় দুই দল মাদক বিক্রেতা সংঘর্ষে লিপ্ত হয়েছে এমন খবর পেয়ে শহরের বনানী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তারিকুলের নেতৃত্বে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়তে থাকলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালানোর সময় এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে ওয়ান শুটার গান, পাইপ গান, আট রাউন্ড গুলি ও পাঁচশ’ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।