ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। নির্বাচনে না এলে জোর করে আনব? নির্বাচন তাদের অধিকার। এটা সরকারের দয়ার দান নয়। তাদের ডেকে আনতে হবে কেন?
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি না এলেও নির্বাচনে অংশগ্রহণ করার মতো রাজনৈতিক দলের অভাব নেই। নির্বাচনে না এলে জোর করে আনব? নির্বাচনে না এলে সেটা তাদের সিদ্ধান্তের বিষয়।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না। দৃশ্যত খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনও করতে পারছে না। তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, তবে বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দিচ্ছে না। নয় বছরে নয় মিনিটও তারা রাস্তায় দাঁড়াতে পারেনি। জনগণ সাড়া দিলে আন্দোলন হতো।
সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করানোর বিষয়ে আওয়ামী লীগের কোনো প্রচেষ্টা নেই। তাদের নিজেদের মধ্যে সমস্যা আছে কি না, তা আগামী দিনে পরিষ্কার হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান বিদেশে পলাতক থাকায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনগতভাবে সরকারের একটা তাগিদ থাকে। সেটাই সরকার করছে।
তিনি আরও বলেন, আর বিএনপি কী চায় তারেক রহমান দেশে ফিরে আসুন? বিএনপির সব নেতারা কী তা চান? তাদের গডফাদাররা এক রকম, সিনিয়র নেতারা আরেক রকম, বিএনপি নেতারা একে অপরকে সরকারের এজেন্ট বলে বলেন। তারা নিজেরাই তো ঠিক নেই। তারেক রহমানের প্রশ্নে তাদের মধ্যে সমস্যা আছে। সেটা সবারই জানে।
নির্বাচনকালীন সরকারে বিএনপির কোনো নেতার টেকনোক্র্যাট মন্ত্রী হওয়ার কোনো সুযোগ আছে কি না—এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, গতবার শুধু সরকারে অংশগ্রহণ নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও বিএনপিকে অফার করা হয়েছিল প্রকাশ্যে। এখানে গোপনীয়তার কিছু ছিল না। সেটা পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দল হিসেবে। পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দল নয় এমন কাউকে সরকারে এবার আমন্ত্রণ জানানো হবে এমন কোনো চিন্তা-ভাবনা সরকারের নেই।















