হলিউড ছবি থেকে বাদ পড়লেন প্রিয়াঙ্কা

1369

বিনোদন ডেস্ক: বলিউড জয় করে হলিউডে কাজ শুরু করেন প্রিয়াঙ্কা চোপড়া। বেশ জনপ্রিয়তাও পান পশ্চিমা দেশে। জনপ্রিয় টিভি সিরিজ ও সিনেমায় অভিনয়, পাশাপাশি বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আলোচিত অভিনেত্রীর তালিকায় চলে আসেন। সেই প্রিয়াঙ্কাকেই এবার হলিউডের একটি ছবি থেকে বাদ দেয়া হয়েছে।

শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, আমি একটা ছবি থেকে বাদ পড়েছি। স্টুডিও থেকে একজন আমার এক এজেন্টকে ফোন করে বলেছে, এই চরিত্রের জন্য নাকি শারীরিকভাবে আমি ঠিক নই।

প্রিয়াঙ্কা জানান, এই ঘটনার পর প্রথমে তিনি বুঝতেই পারেননি সমস্যাটা ঠিক কোথায়। তার ভাষ্যে, আমি জানতে চেয়েছিলাম আমাকে কি আরও রোগা হতে হবে? আরও শেপে আসতে হবে? অথবা অ্যাবস তৈরি করতে হবে? মানে শারীরিকভাবে ঠিক নই মানেটা কী?

এসব প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা জানতে পারেন, ছবির ওই চরিত্রের জন্য এমন একজনকে দরকার যার ত্বক বাদামি নয়। অর্থাৎ প্রিয়াঙ্কার গায়ের রঙ বাদামি হওয়ার কারণেই তাকে ছবিটি থেকে বাদ দেয়া হয়েছে।

এদিকে প্রিয়াঙ্কা আবারো বলিউডে কামব্যাক করতে চাচ্ছেন। সালমান খানের সঙ্গে ‘ভারত’ ছবিতে তিনি অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। প্রিয়াঙ্কা নিজেও ছবিটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।