১৯ বছর পর ইংল্যান্ডের এমন ধস

1127

ক্রীড়া ডেস্ক : ৪ উইকেটে ৩৬৮। সেখান থেকে ৪০৩ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। ১০৬ ওভার বল করে মাত্র ৪ উইকেট পেয়েছিল অস্ট্রেলিয়ার বোলাররা। তারাই পরের ৯ ওভারে তুলে নিল ৬ উইকেট।

পার্থ টেস্টের প্রথম ইনিংসে আজ ইংল্যান্ডের শেষ ৬ উইকেট পড়েছে মাত্র ৩৫ রানে। ১৯ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো টেস্টের প্রথম ইনিংসে এমন ধস নামল ইংল্যান্ডের ব্যাটিংয়ে। সবশেষ ১৯৯৮ সালে অ্যাডিলেডে ৪ উইকেটে ১৯৫ থেকে ইংল্যান্ড অলআউট হয়েছিল ২২৭ রানে। ৩২ রানে পড়েছিল শেষ ৬ উইকেট।

পার্থে ডেভিড মালান ও জনি বেয়ারস্টোর ২৩৭ রানের রেকর্ড পঞ্চম উইকেট জুটি ভাঙার পর পরই ইংল্যান্ডের অমন ধস নামে। অ্যাশেজ টেস্টে ইংল্যান্ডের দুইশ রানের জুটি আছে এমন ইনিংসে তাদের তৃতীয় সর্বনিম্ন রানে (৪০৩) অলআউট হওয়ার নজির এটি।