তারেক রহমানের নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়ল দেশের ২৫ জেলা

77

সাইফ হাসান: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ২৫টি জেলা থেকে কোনো প্রতিনিধি রাখা হয়নি। বিশেষ করে আওয়ামী লীগ ও জামায়াত-অধ্যুষিত এলাকাগুলো এবার মন্ত্রিসভা থেকে পুরোপুরি বঞ্চিত হয়েছে। এমনকি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত নোয়াখালী জেলা থেকেও কাউকে মন্ত্রী করা হয়নি। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের পর জেলাভিত্তিক এই বৈষম্যের চিত্র ফুটে উঠেছে।

নতুন সরকারের মন্ত্রিসভা বিশ্লেষণে দেখা গেছে উত্তরবঙ্গ ও কুমিল্লা অঞ্চলে মন্ত্রীদের আধিক্য থাকলেও অনেক বড় জেলা বাদ পড়েছে। কুড়িগ্রাম, নীলফামারী, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গাসহ মোট আটটি জেলায় বিএনপি কোনো আসন না পাওয়ায় সেখান থেকে কোনো মন্ত্রী নেই। এমনকি খুলনার ছয়টি আসনের পাঁচটিতে বিএনপি জিতলেও এই বড় জেলা থেকে কেউ মন্ত্রিসভায় জায়গা পাননি।

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর থেকে এবার বিএনপির কয়েকজন সংসদ সদস্য নির্বাচিত হলেও তাদের কাউকে মন্ত্রী করা হয়নি। ঢাকার আশপাশের গুরুত্বপূর্ণ জেলা যেমন মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুরও এবার মন্ত্রিসভা থেকে পুরোপুরি বাদ পড়েছে। তবে ঢাকা শহর থেকে শেখ রবিউল আলম পূর্ণ মন্ত্রী এবং সাবেক ফুটবলার আমিনুল হক টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হয়েছেন।

রাজশাহী বিভাগে প্রধানমন্ত্রীর নিজস্ব এলাকা হওয়ায় সেখানে পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি দেখা গেছে। ঠাকুরগাঁও থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দিনাজপুর থেকে এ জেড এম জাহিদ হোসেন পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এছাড়া বৃহত্তর কুমিল্লা অঞ্চল থেকে জাকারিয়া তাহের ও শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ বেশ কয়েকজন নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

এবারের মন্ত্রিসভায় অনেক সাবেক মন্ত্রীর সন্তানদেরও দেখা গেছে যারা বর্তমানে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে যশোরের অনিন্দ ইসলাম, ফরিদপুরের শামা ওবায়েদ এবং নাটোরের ফারজানা শারমিন বিশেষভাবে উল্লেখ্য। আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।

#তারেকরহমান #মন্ত্রিসভা #বাংলাদেশরাজনীতি #aknews #onebanglanews