লন্ডনের সুপারমার্কেটে অ*স্ত্র বহন ও বিস্ফোরক তৈরির অভিযোগ অস্বীকার করলেন ব্যক্তি

93

সাইফ হাসান: দক্ষিণ-পশ্চিম লন্ডনের একটি সুপারশপে অ*স্ত্র নিয়ে প্রবেশের কথা অস্বীকার করেছেন এক ব্যক্তি। রায়ান সোয়ান নামের ওই ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক তৈরির পাশাপাশি অ*স্ত্র বহনের অভিযোগ আনা হয়েছিল। ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজিরা দিয়ে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। আগামী সেপ্টেম্বরে এই চাঞ্চল্যকর মামলার বিচার কাজ শুরু হবে।

গত বছরের ১৯ আগস্ট মর্ডানের সেন্ট্রাল রোডের সেইন্সবারিস লোকাল স্টোরে এই ঘটনা ঘটে। ৪২ বছর বয়সী রায়ান সোয়ানের বিরুদ্ধে অভিযোগ, তিনি সেখানে একটি ড্যাগার বা ধারালো ছোরা নিয়ে প্রবেশ করেছিলেন। এছাড়া তার বিরুদ্ধে নির্দিষ্ট পরিমাণ কালো গানপাউডার বা বিস্ফোরক রাখা ও তৈরির অভিযোগও রয়েছে।

সোমবার কিংস্টন ক্রাউন কোর্টে এইচএমপি থেমসসাইড কারাগার থেকে ভিডিও লিংকের মাধ্যমে হাজিরা দেন সোয়ান। শুনানিকালে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। আদালত জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে তার মূল বিচার কার্যক্রম শুরু হবে।

বিচারক পিটার লোডার কেসি আসামীকে সতর্ক করে বলেন, “আপনি বর্তমানে কারাগারে আছেন, তবে শুনানির দিন উপস্থিত না থাকলে আপনার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলবে। তখন হয়তো আপনি আত্মপক্ষ সমর্থনের সুযোগও পাবেন না।” বিচারকের এই কথার জবাবে আসামী সম্মতি প্রকাশ করেন। আগামী ১২ ফেব্রুয়ারি তাকে আবারও আদালতে হাজির করার কথা রয়েছে।

#LondonCrime #UKCourt #ExplosivesCase #aknews #onebanglanews