যুক্তরাজ্যে ইতিহাসের প্রথম সুপার-ইউনিভার্সিটি গঠিত হচ্ছে, কেন্ট ও গ্রিনউইচ মিলে তৈরি হবে লন্ডন অ্যান্ড সাউথ ইস্ট ইউনিভার্সিটি গ্রুপ

41

সাইফ হাসান: যুক্তরাজ্যে প্রথমবারের মতো সুপার-ইউনিভার্সিটি গঠনের ঘোষণা। ২০২৬ সালে কেন্ট ও গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় একত্রে হবে। নতুন প্রতিষ্ঠানের নাম লন্ডন অ্যান্ড সাউথ ইস্ট ইউনিভার্সিটি গ্রুপ। এতে শিক্ষার্থী থাকবে প্রায় ৫০ হাজার। তবে চাকরি হারানোর আশঙ্কায় দুশ্চিন্তায় আছেন শিক্ষক-কর্মীরা।

বিবিসি জানিয়েছে, আগামী শরৎকাল থেকে শুরু হওয়া একাডেমিক বছরে নতুন বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করবে। এর নেতৃত্বে থাকবেন গ্রিনউইচের বর্তমান ভাইস-চ্যান্সেলর প্রফেসর জেইন হ্যারিংটন। কেন্টের অন্তর্বর্তীকালীন প্রধান প্রফেসর জর্জিনা র‌্যান্ডসলি দে মুরা তখন দায়িত্ব ছাড়বেন।

অফিস ফর স্টুডেন্টস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, আর্থিক সংকটে থাকা অনেক প্রতিষ্ঠান ভবিষ্যতে এ ধরনের পথে হাঁটতে পারে। বর্তমানে ইংল্যান্ডের প্রায় ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয় ঘাটতিতে চলছে।

তবে ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন (ইউসিইউ) আশঙ্কা প্রকাশ করেছে, এ সিদ্ধান্তে ছাঁটাই অনিবার্য। সংগঠনের মহাসচিব জো গ্রেডি বলেন, এটি আসলে একটি একীভবন নয়, বরং গ্রিনউইচের নিয়ন্ত্রণে চলে যাওয়ার প্রক্রিয়া।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের জন্য বড় কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই ভর্তি প্রক্রিয়া চলবে এবং ডিগ্রির নামও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নামেই দেওয়া হবে। তবে উভয় প্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে খরচ কমাতে চাকরি ও কোর্স কমানো হয়েছে।

যুক্তরাজ্যে এত বড় পরিসরে বিশ্ববিদ্যালয় একীভবনের এটি প্রথম ঘটনা। এর আগে শুধু ছোট বা বিশেষায়িত প্রতিষ্ঠানের সীমিত আকারে একত্রিত হওয়ার নজির পাওয়া গেছে। ফলে নতুন এই উদ্যোগকে ঘিরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ও গভীর আগ্রহ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।