ফিলিস্তিনের পতাকা অপসারণ করবেন মেয়র লুতফুর

140

ওয়ানবাংলানিউজ: লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অনেক রাস্তা এবং অলিগলিতে হাঁটলেই এখন চোখে পড়ে ল্যাম্প পোস্টে ফিলিস্তিনের পতাকা উড়ছে। কাউন্সিল কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, তাঁরা এসব পতাকা নামিয়ে আনার কাজ শুরু করেছে।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুতফুর রহমান বলেছেন, কাউন্সিলের চীফ এক্সিকিউটিভের পরামর্শ অনুযায়ী কাউন্সিলের মালিকানাধীন অবকাঠামোগুলো থেকে ফিলিস্তনের পতাকা নামিয়ে আনা হবে। মেয়র তাঁর বিবৃতিতে আরও বলেন, বোঝাই যায় এসব পতাকা ফিলিস্তিনের জনগণের সাথে সংহতি প্রকাশের একটি মাধ্যম। এখন আমি অনুভব করতে পারছি, এই পতাকাগুলোর কারণে কাউন্সিলের জনগণের ওপর অন্যায়ভাবে আক্রমণ করা হচ্ছে এবং ইসলামবিদ্বেষী বয়ানকে আরও ছড়িয়ে দেয়া হচ্ছে।

মেরের বিবৃতি ছাড়াও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে পৃথক বিবৃতি দিয়ে বলা হয়েছে, পতাকা নামিয়ে আনার কাজকে সংবেদনশীলতার সাথে করা হবে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতিতে অস্থিতিশীলতা সৃষ্টির সম্ভাবনাকে কমিয়ে রাখা যায়।

কিন্তু স্থানীয় কনজারভেটিভ দলীয় কাউন্সিলার পিটার গোল্ডস বলছেন, আইনি পদক্ষেপের হুমকি পেয়ে মেয়র এবং কাউন্সিল কর্তৃপক্ষ পতাকাগুলো অপসারণের সিদ্ধান্ত নিয়েছে। আর এখন তাঁরা বলছে, চীফ এক্সিকিউটিভের আইনি পরামর্শে তাঁরা পতাকা অপসারণের সিদ্ধান্ত নিয়েছে।

প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের স্থানীয় শাখার নেত্রী কাউন্সিলার পিটার গোল্ডসের সাথে দ্বিমত পোষণ করেন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সুনির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেনি কবে নাগাদ সবগুলো পতাকা অপসারণ করা হবে। তবে কর্তৃপক্ষ বলেছে, স্থানীয় মানুষের আবেগ-অনুভূতির দিকে খেয়াল রেখে এসব পতাকা অপসারণ করা হবে।