লন্ডনের টিউব-ট্রেনে শুক্রবার সারাদিন কম ভাড়ায় যাতায়াত

172

ওয়ানবাংলানিউজ: করোনা মহামারির সময়ে লকডাউনের কারণে লন্ডনের রাস্তাঘাট জনমানবহীন হয়ে পড়ে। চার বছর পরেও এই প্রভাব রয়ে গেছে। এখনও আমরা অনেকে ঘরে বসেই অফিস করি। ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষের সংগ্রহ করা নিজস্ব উপাত্ত বলছে, সপ্তাহের মাঝামাঝি সময়ে মানুষের যাতায়াত বাড়ছে। মহামারীর আগের সময়ের সাথে তুলনা করলে এই যাতায়াতের হার এখন ৮৫ শতাংশ। কিন্তু শুক্রবার যাতায়াত করেন মহামারীর আগের সময়ের তুলনায় ৭৩ শতাংশ। অথচ মহামারির আগে শুক্রবার ছিল সবচেয়ে ব্যস্ত যাতায়াতের দিন।

এই পরিস্থিতি পরিবর্তন করার লক্ষে লন্ডনে প্রতি শুক্রবার সারাদিন টিউব ও ট্রেনের ভাড়া কমবে। অর্থাৎ, সারাদিনই ভাড়ার হার থাকবে অফ-পিক। লন্ডন মেয়র এই পরিকল্পনা গ্রহণ করেছেন। মার্চ মাস থেকে তিন মাসের জন্য পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করার জন্য ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন মেয়র। এর মাধ্যমে প্রতি শুক্রবার লন্ডনের টিউব ও ট্রেনে যাত্রী বৃদ্ধি করা এবং লন্ডনের অর্থনীতিকে আরও চাঙ্গা করার উদ্দেশ্য রয়েছে।

লন্ডন মেয়র নির্বাচনের আগে এ ধরনের উদ্যোগকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন লিবডেম, গ্রিন ও কনজারভেটিভ দলের মেয়র প্রার্থীরা। কনজারভেটিভ দলের মেয়র প্রার্থী সুজান হল বলছেন, এই সিদ্ধান্তে সুফল আসবেনা।

শুক্রবার সারাদিন অফ-পিক হারে ভাড়া কার্যকরের সিদ্ধান্ত কি সত্যিকার অর্থে কল্যাণ বয়ে আনবে, নাকি এটি কেবলই একটি রাজনৈতিক কৌশল- লন্ডনের বাসিন্দারাই তাদের যাতায়াতের অভ্যাসের মধ্য দিয়ে জানিয়ে দেবে।