দুই ভাইকে কুপিয়ে হত্যা: অভিযুক্তদের বাড়িতে আগুন

64

ঢাকা সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধে মো. আসলাম সানি (৪৮) ও শফিকুল ইসলাম রনি (৩৫) নামের দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়ি-ঘরে আগুন দিয়েছে বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী।

রোববার দুপুরে হত্যার ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে হত্যাকাণ্ডে জড়িতদের বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।

এ ঘটনায় রফিকুল ইসলাম নামের আরও এক ভাই আহত হয়। আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর হামলাকারীরা বাড়ি ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

নিহত আসলাম ও রনি কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকার সানাউল্লাহের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়ার দুই নম্বর ওয়ার্ডের মৃত সানাউল্লাহর দুই ছেলেকে হত্যার ঘটনায় সন্ধ্যার পর থেকে নিহতদের স্বজন ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা অভিযুক্ত মহিউদ্দিনের তালাবদ্ধ ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। মহিউদ্দিন সম্পর্কে সানি-রনির চাচা। জমি নিয়ে চাচার সঙ্গে তাদের বিরোধ চলছিল। আগুন দেয়ার খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে যান।

নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।