১৪৩ রানে থেমে গেল চিটাগং ভাইকিংস

753

খেলাধুলা ডেস্ক: ১১ ওভার শেষে রান ছিল ২ উইকেটে ৯৭! সে হিসাবে অনায়াসে ১৬০-১৭০ রান পার করে যাওয়ার কথা চট্টগ্রাম ভাইকিংসের। তবে তেমনটা হলো না। শেষ ৯ ওভারে মাত্র ৪৬ রানই নিতে পারলেন মিসবাহ উল হক-সৌম্য সরকাররা। নিজেদের প্রথম ম্যাচে সংগ্রহটা ভালো করতে পারল না চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৪৩ রানেই শেষ হয়েছে এনামুল-সৌম্যদের ইনিংস। জয়ের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চাই ১৪৪ রান।

মূলত মিডলঅর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই সংগ্রহটা বাড়েনি ভাইকিংসদের। লুক রনকি-সৌম্য সরকার ও দিলশান মুনাবিরা দারুণ সূচনা করে দিয়েছিলেন চট্টগ্রামকে। একটা সময় ১৩ ওভারে ৩ উইকেটে ১০৬ রান ছিল দলটির স্কোরবোর্ডে। মুনাবিরা ও সৌম্য ফিরতেই রান নেওয়ার জন্য গলদঘর্ম হতে হয়েছে মিডলঅর্ডারের ব্যাটসম্যানদের। এনামুল হক বিজয়, মিসবাহ উল হক, লুইস রিস, সিকান্দার রাজারা কিছুই করতে পারেননি।

২১ বলে সর্বোচ্চ ৪০ রান করেন লুক রনকি। এ ছাড়া সৌম্য ৩৮ ও মুনাবিরা করেন ২১ রান। সাইফুদ্দিন চার ওভারে মাত্র ২৪ রান দিয়ে নেন তিনটি উইকেট।

নিজেদের প্রথম ম্যাচটা হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ ওভারের নাটকীয়তায় সিলেট সিক্সার্সের বিপক্ষে চার উইকেটে হেরে বসেন ইমরুল-লিটন দাসরা। আর চট্টগ্রাম ভাইকিংস আজ বিপিএলের পঞ্চম আসরে তাদের প্রথম ম্যাচ খেলবে। বোঝাই যাচ্ছে, আজকের ম্যাচটা দুদলের কাছেই দারুণ গুরুত্বপূর্ণ।

এই ম্যাচে টস জিতেছেন কুমিল্লার অধিনায়ক মোহাম্মদ নবি। চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান তিনি। নিজেদের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে ১৪৫ রান করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিলেট।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালি, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, মোহাম্মদ নবি ও রশিদ খান।

চিটাগং ভাইকিংস : সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, লুক রনকি, মিসবাহ উল হক, সিকান্দার রাজা, দিলশান মুনাবিরা, সোহরাওয়ার্দী শুভ ও লুইস রিস।