কার্লাইলে ড্রাইভিং টেস্টের স্লট পাওয়া যাচ্ছে

257

ওয়ানবাংলানিউজ: মহামারির আগে ব্রিটেনে প্রতি বছর প্রায় ১৬ লাখ মানুষ ড্রাইভিং টেস্ট দিতো। মহামারির বছরগুলোতে, অর্থাৎ ২০২০-২১ সালে এই সংখ্যা নেমে আসে ৪লাখ ৩৬হাজারে। যারা এই সময়ে ড্রাইভিং টেস্ট দেননি, এখন তাঁরা সবাই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার চেষ্টা করছেন। ফলে লন্ডন, বারমিংহাম এবং কার্ডিফের মতো শহরে ছয় মাসের আগে অনলাইনে কোনো টেস্ট বুকিং দেয়ার জায়গা পাওয়া যাচ্ছেনা। কিন্তু ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় কাম্ব্রিয়া এলাকার শহর কার্লাইলে তিন থেকে চার মাসের মধ্যে ড্রাইভিং টেস্টের বুকিং দেয়া যাচ্ছে। ফলে লন্ডন, বারমিংহাম থেকেই শুধু নয়, ফ্রান্স এবং সুইজারল্যান্ড থেকেও এখানে ড্রাইভিং টেস্টের বুকিং দেয়া হচ্ছে।

স্টিফেন ফিলিপসন ১২ বছর যাবত ড্রাইভিং ইন্সট্রাকটার হিসেবে কাজ করছেন। তিনি বলেন, ড্রাইভিং শিখতে আগ্রহী স্থানীয় মানুষের সংখ্যা বাড়ছে। এখানে প্রতি বছর ১২শ কিশোর-কিশোরী ১৭ বছরে পদার্পণ করছে। কিন্তু তাদের অনেককে ড্রাইভিং টেস্টের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে।

ড্রাইভিং ইন্সট্রাকটর স্টিফেন ফিলিপসনের সাথে ইউরোপের বিভিন্ন দেশ থেকেও ড্রাইভিং টেস্টের বিষয়ে যোগাযোগ করছেন অনেকে।

ড্রাইভার অ্যান্ড ভেহিকেল স্ট্যান্ডার্ডস এজেন্সি,ডিভিএসএ, বলছে, গত জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রতি ১০০ ড্রাইভিং পরীক্ষার্থীর মধ্যে ৫৩জন ফেইল করেছে। তাই ভালো প্রস্তুতি নেয়ার পরই টেস্টের বুকিং দেয়ার পরামর্শ দিয়েছে ডিভিএসএ। স্টিফেন ফিলিপসন জানালেন, লেসন নেয়ার আগেই অনেকে টেস্টের বুকিং দিয়ে দেন।

ডিভিএসএ জানিয়েছে, নতুন পরীক্ষক নিয়োগ করে এবং উইকেনডে ও সরকারি ছুটির দিনে টেস্ট গ্রহণের মাধ্যমে এবং সম্প্রতি অবসরপ্রাপ্ত ড্রাইভিং পরীক্ষকদের কাজে ফিরে আসার আমন্ত্রণ জানিয়ে তাঁরা প্রায় ৪ লাখ ২৮ হাজার অতিরিক্ত পরীক্ষার অ্যাপয়েন্টমেন্ট তৈরি করেছে।