সীমান্ত থেকে ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার

405

ঢাকা সংবাদদাতা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার করেছে। বুধবার বেলা ১১টার দিকে বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন অভিযানটি পরিচালনা করেছে।
বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহ মো. ইশতিয়াকের কাছে খবর আসে চুয়াডাংগা জেলার দর্শনা থানার অন্তর্গত ফুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে চোরাই মালামাল পাচার করা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে অধিনায়কের দিকনির্দেশনায় সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার মো: আহসান কবির এবং টহল কমান্ডার নায়েক মো: ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবি’রর একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৮৫ থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি টহলদল দেখতে পায় একজন অজ্ঞাত ব্যক্তি একটি ব্যাগ বহন করে নিয়ে যাচ্ছে। টহলদল তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধরা পড়ার ভয়ে ব্যাগটি দূরে ছুঁড়ে ফেলে পালিয়ে যায়। বিজিবি টহলদল দুটি ভাগে বিভক্ত হয়ে একটি দল ওই ব্যক্তিকে ধাওয়া করে এবং অপর দলটি ছুঁড়ে ফেলা ব্যাগটি জব্দ করে কাগজে মোড়ানো ৮টি প্যাকেট উদ্ধার করে। বিজিবি বিশেষ টহলদল ৮টি বান্ডেলে সর্বমোট ৮০ হাজার ইউএস ডলার আটক করতে সক্ষম হয়।
শরিফুল বলেন, এ বিষয়ে দর্শনা থানায় মামলা করে আটক ইউএস ডলারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হবে।