জাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

716

ঢাকা সংবাদদাতা: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (মঙ্গলবার)। ১৯৭২ সালের এই দিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেজর এম এ জলিল (অব.) এবং আ স ম আব্দুর রবের নেতৃত্বের সাত সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দলটি।

১৯৭৩ সালে সম্মেলনের মধ্য দিয়ে মেজর (অব.) এম এ জলিল সভাপতি এবং আ স ম আব্দুর রবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এদিকে গেলো ৪৫ বছরে কয়েক দফা ভাঙ্গনের মুখে পড়ে দলটি। সবশেষ ২০১৬ সালেও জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে আরেক দফা ভাঙ্গন দেখা দেয় জাসদে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১ টায় ৩৫-৩৬, বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শহীদ ও প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিকাল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে দেশবাসী ও জাসদের সবস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।

একই সাথে তারা জাসদের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা জাসদের সংগ্রাম এগিয়ে নিতে জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

দীর্ঘ পথ পরিক্রমায় ২০০৮ সালের নির্বাচনে জাসদ ১৪ দলীয় জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করে ৩ টি আসনে বিজয়ী হয়। ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে সরকারের তথ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।