১লা নভেম্বর থেকে ঢাকা-চট্টগ্রামে ডিজিটাল ক্যাবল অপারেটিং সিস্টেম চালুর নির্দেশ

98

ঢাকা সংবাদদাতা: ১লা নভেম্বর থেকে ঢাকা-চট্টগ্রামে ডিজিটাল ক্যাবল অপারেটিং সিস্টেম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, ইতিমধ্যে বৈঠক করে ক্যাবল অপারেটরদের বলা হয়েছে ৩০শে অক্টোবরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে ক্যাবল অপারেটিং সিস্টেমকে ডিজিটালাইজড করতে। ১লা নভেম্বর থেকে তাদের এ পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। ক্লিন ফিড বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ২৪টি বিদেশি টিভি চ্যানেল ক্লিন ফিড পাঠাচ্ছে, যেগুলো আকাশ ডিটিএইচ সম্প্রচার করছে। এগুলো সম্প্রচার করতে অন্যদের বাধা নেই। কেউ ক্লিন ফিড না চালালে লাইসেন্সের শর্ত ভঙ্গ হবে। যারা ডাউন লিংকের অনুমতি নিয়েছে তাদের ব্যবসার স্বার্থে ক্লিন ফিড চালানো উচিত বলে মন্তব্য করেন তিনি।

ক্যাবল অপারেটরদের সতর্ক করে মন্ত্রী বলেন, হাজার হাজার বিদেশি প্রতিষ্ঠান ক্যাবল অপারেটর লাইসেন্সের জন্য আবেদন করেছে। দেশের অপারেটররা শর্ত ভঙ্গ করলে তাদের লাইসেন্স বাতিল করলে অন্যদের সুযোগ দেয়া হবে।