সিলেট সংবাদদাতা: সিলেটের বিয়ানীবাজারে সারোয়ার আহমদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২০ মে) রাতে অভিযুক্তকে আটক করেছে র্যাব। র্যাব-৯ এর সিনিয়র এএসপি মাঈন উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, সারোয়ার আহমদ লন্ডনপ্রবাসী। তার বাড়ি বিয়ানীবাজারের দেউলগ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এএসপি মাঈন উদ্দিন জানান, কাজের সন্ধানে বাবা-মাকে সঙ্গে নিয়ে ভিকটিম সারোয়ার আহমদের বাড়িতে উঠে। এরপর সারোয়ার আহমদ ভিকটিমকে আটকে রেখে ধর্ষণ করে। ভিকটিমের বাবা-মা সেখান থেকে পালিয়ে এসে র্যাবে খবর দেন। পরে র্যাব গিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং সারোয়ার আহমদকে আটক করে।
তিনি আরও জানান, ভিকটিম বর্তমানে র্যাবের হেফাজতে রয়েছেন। তাকে ভালো কোনও হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হবে।















